
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬ খ্রি.) সকাল ১০টায় রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন এলাকায় সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ড ও রাইজদিয়া গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ব্যানারে উল্লেখ করা হয়, ঐতিহাসিক রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পবিত্রতা রক্ষা এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে জনবসতিপূর্ণ ও পবিত্র এই এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা পৌরসভার ময়লা ফেলার জন্য অন্যত্র খাস জমি বা বিকল্প উপযুক্ত স্থান নির্ধারণ করার জোর দাবি জানান।
এ সময় স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থবিরোধী এই ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ বন্ধ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।