
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া (হাফ ভাড়া) কার্যকরের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ সরকারী কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় জড়ো হন। তারা ঢাকাগামী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের এই আকস্মিক অবস্থানে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্থানীয় ও দূরপাল্লার বাসগুলোতে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে তাদের কাছ থেকে পূর্ণ ভাড়া দাবি করা হয়, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল । দীর্ঘদিন ধরে তারা হাফ ভাড়ার দাবি জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করার পর বাস মালিকদের উদ্দেশ্যে একটি আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দ্রুত দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে তারা মহাসড়ক থেকে সরে যান। পরে সড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।