
জসিম উদ্দিন – নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে লোক ও কারু শিল্প ফাউন্ডেশন পঙ্খিরাজ নাট্যমঞ্চে, ফাউন্ডেশন পরিচালক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে ৩৪ তম লোকজ উৎসব এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিজুর রহমান। মোজাম্মেল হক মাসুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার মোঃ নাইমুল হক (ট্যুরিষ্ট পুলিশ) ঢাকা রিজিয়ন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সোনারগাঁও পৌরসভা প্রশাসক ফারজানা রহমান, ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা নাসিম ইসলাম অভি, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারী, বিএনপি ও জামায়াতে ইসলামী এর নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা সহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাসব্যাপী মেলা ১৮ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে। দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী,
সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী দিয়ে গান পরিবেশন, পুতুল নাচ, বায়স্কোব, নাগরদোলা, গ্রামীণ খেলা, বাহারী পণ্য সামগ্রী, বিভিন্ন অঞ্চল থেকে হাতের তৈরি নকশী কাঁথা, জামদানী শাড়ি, বেত ও বাশের তৈরি জিনিসপত্র, ঐতিহ্যবাহী বিভিন্ন এলাকার হরেক রকমের মিষ্টি-দইসহ ৩২ ষ্টল সহ মোট ১০০ টি স্টল বরাদ্দ করা হয়েছে। মেলায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খ্যাতনামা ১৭টি জেলার কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিয়েছে। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন কতৃক পাঁচজন খুদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্পীকে ১ থেকে ৩ লক্ষ টাকার ব্যাংক চেক সহ এক ভরি ওজনের স্বর্ণের মেডেল প্রদান করা হয়।