
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে যুবলীগ নেতার হামলায় শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ২২ জুন সন্ধ্যায় পশ্চিম সনমান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সনমান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী পূর্ব শত্রুতার জেরে ভাড়াটিয়া লোকজন নিয়ে পশ্চিম সনমান্দি গ্রামের অসহায় লোকমান মিয়ার ছেলে দুলাল মিয়ার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় দুলাল মিয়া ও তার চাচা প্রতিবাদ করতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। এক পর্যায়ে রাস্তায় পড়ে থাকা ইট দিয়ে ১২ বছরের শিশু জুবায়েরকে আঘাত করা হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তে জামা-কাপড় ভিজে যায়।
দুলাল মিয়ার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী মোহাম্মদ আলীর বাহিনী তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। শিশু জুবায়েরসহ আহতদের উদ্ধার করে এলাকাবাসী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার বলেন, “অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা হবে।”