
নিজস্ব প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে উপজেলা সদরের মধু সড়কে অবস্থিত জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার পাশাপাশি দুটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি কক্ষের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্রে জানা গেছে উপজেলার আলতাপোল গ্রামের মৃত জাহান বক্স সরদারের ছেলে এমদাদুল হক ও একই গ্রামের মৃত আঃ ওহাব গাজীর ছেলে এমরান হোসেনের বাড়িতে এঘটনাটি, ক্ষতিগ্রস্ত এমরান হোসেন জানান, ঘটনার সময় তিনি ভবনের নিচতলায় নিজ দোকানে অবস্থান করছিলেন। পাশের এক দোকানদার আগুন দেখতে পেয়ে তাকে খবর দিলে তিনি দ্রুত বাসায় ছুটে যান। অনেক চেষ্টা করেও তিনি কক্ষ থেকে কোনো মালামাল বের করতে পারেনি এতে তার প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
অপর বাসার মালিক এমদাদুল হক বলেন, তিনি বাসায় ছিলেন না। খবর পেয়ে দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে কক্ষের ভিতরের সবকিছু পুড়ে যায়। তার ও প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।