
সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকায় অবৈধ গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার গভীর রাতে আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ফ্ল্যাটে দীর্ঘক্ষণ গ্যাস জমে থাকার একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে চারজন গুরুতর দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
দগ্ধরা হলেন—ভাড়াটিয়া আলাউদ্দিন (৩৫), তাঁর মা জরিনা বেগম (৬৫) এবং দুই কন্যা শিশু শিফা আক্তার (১৪) ও শিমলা আক্তার (৪)। তাদের রাতেই গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে এবং সবাইকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “বিস্ফোরণের পরপরই দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ।