সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাগলপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে কুপিয়ে জখম এবং গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুছলিমা (৪২) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাগলপুর গ্রামের মুছলিমা ও তার স্বামী মোঃ আরিফ হোসেন (৪৮) বাড়ির একটি গাছ কাটতে গেলে প্রতিবেশী আনোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী লাকি আক্তার (৫০), ছেলে মাহিয়ান (২৩)সহ আরও কয়েকজন তাদের বাঁধা দেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মুছলিমার ওপর হামলা চালায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আনোয়ার হোসেনের নির্দেশে তার স্ত্রী লাকি আক্তার হাতে থাকা কুড়াল দিয়ে আরিফ হোসেনের মাথায় কোপ দেন। এতে তার বাম কানের উপর গুরুতর জখম হয়। এসময় আনোয়ার হোসেনের ছেলে মাহিয়ান দা দিয়ে কোপ দিলে আরিফ হোসেনের ডান হাতে কাটা জখম হয়। মুছলিমা স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানি ঘটানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীর স্বামীর কাছে থাকা ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী মুছলিমা বলেন, “জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমাদের বারবার হুমকি দেয়া হতো। আজ আমাদের হত্যা করার উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালান।
এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাশেদ হাসান খান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.