নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী রয়েল মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের মালিনা খাঁকে যৌতুকের দাবিতে মারধর করা হয়। বাবার বাড়ি ফেরার সময় স্বামীসহ কয়েকজন তাকে বাড়ির পাশের গমক্ষেতে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ ১৪ বছর বিচারপ্রক্রিয়া শেষে আদালত স্বামী রয়েল মন্ডলকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেন এবং অপর তিন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.