নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে নারীসহ অন্তত ১৮ জন দুষ্কৃতকারীকে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া এলাকায় এ অভিযানটি চালানো হয়েছে। সকাল ১০টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সেনা ক্যাম্প।
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন। খবর পেয়ে নগরকান্দা সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।
অভিযানকালে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কয়েকজন নারীসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন—তালমা ইউনিয়নের বাসিন্দা মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো. পারভেজ ফকির (২৫), মো. নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো. ইয়াসিন মোল্লা (১৬), মো. আজিম মোল্লা (২৭), মো. শাজাহান শেখ (৩৬), মো. রবিউল মোল্লা (৩০), মো. ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) ও জয়নব বেগম (৬০)। আটকদের ও উদ্ধার অস্ত্র-মাদক নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনা সূত্র আরো জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হবে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.